নেত্রকোণায় মাকে শাবলের আঘাতে হত্যা, ছেলে আটক

নেত্রকোণায় মাকে শাবলের আঘাতে হত্যা, ছেলে আটক

নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে খাবার দিতে দেরি হওয়ায় মাকে শাবল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত ছেলে শ্যামল রাজভর (২৪) কে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে চল্লিশা ইউনিয়ন পরিষদসংলগ্ন মগরা নদীর তীরবর্তী এলাকায় এই ঘটনার অবতারণা হয়। নিহত নারী আবুনি রাজভর (৫০) শ্যামলাল রাজভরের স্ত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবুনি রাজভর তার পরিবারের সঙ্গে একটি টিনশেড ঘরে বসবাস করতেন। শ্যামল দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত হয়ে থাকায় মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। মঙ্গলবার দুপুরে শ্যামল তার মায়ের কাছে ভাত খেতে চান। আবুনি রাজভর তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন, এতে ক্ষিপ্ত হয়ে ওঠে শ্যামল। এক পর্যায়ে ঘরে থাকা একটি লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় আবুনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী অভিযুক্ত শ্যামলকে আটক করে পুলিশে খবর দেয়।

নেত্রকোণা থানার অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্ত শ্যামল রাজভরকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন