বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাক্ষাৎ করেছেন। বুধবার (১০ জুন) দুপুরে সংসদে বিরোধীদলীয় নেতা কার্যালয়ে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ব্রিটিশ হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) কেট ওয়ার্ড উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে জাতীয় নির্বাচন পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা, বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করা হয়।

বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করার বিষয়, বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের ভূমিকা, জামায়াতের ছায়া সরকার ও ছায়া বাজেট, এবং অভিবাসন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে জামায়াতের আমিরের সঙ্গে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুরও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন