বৃষ্টির কারণে থেমে গেছে বাংলাদেশ ইমার্জিং (এইচপি) ও জিম্বাবুয়ে ‘এ’ দলের দ্বিতীয় ওয়ানডে। বগুড়ায় নির্ধারিত ম্যাচটি এক বলও মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে এই ম্যাচ থেকে সিরিজে কোনো ফল আসেনি, এবং বাংলাদেশ ১-০ ব্যবধানে এখনও এগিয়ে রয়েছে।
আজ বুধবার সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টির কারণে মাঠ খেলার উপযোগী না থাকার ফলে টসও সম্ভব হয়নি। দীর্ঘ অপেক্ষার পর দুপুর সোয়া একটার দিকে ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ জিতলে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত হবে, তবে হারলেও সিরিজ খোয়াতে হবে না। সেই ক্ষেত্রে সিরিজটি ১-১ সমতায় ড্র হবে।
প্রথম ম্যাচে দলের পক্ষে সেঞ্চুরি হাঁকান জাকির হাসান, যিনি ওপেনিংয়ে ৯৭ বলে ১১৯ রান করেন। এছাড়া, ৭০ রান করেন ইফতেখার হোসেন ইফতি এবং ১৮ বলে ৪১ রান করেন সামিউন বসির রাতুল।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েসলি মাধেভেরের সেঞ্চুরির পরও ৮৫ রানে হারায় জিম্বাবুয়ে ‘এ’ দল। তিনি ৯৩ বলে ১১৬ রান করেন। টাইগারদের পক্ষে তিনটি করে উইকেট পান রাতুল ও রোহান দৌলা বর্ষণ।
