দেশের মাথাপিছু জাতীয় আয় প্রথমবারের মতো ৩ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করেছে, যা ২০২৫-২৬ অর্থবছরে ৩ হাজার ২০ ডলারে পৌঁছেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ বুধবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানায়। নতুন এই হিসাব ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত হিসাব ২ হাজার ৭৬৯ ডলার থেকে ২৫১ ডলার বা ৯ দশমিক ১ শতাংশ বেশি।
স্থানীয় মুদ্রার হিসাবে, মাথাপিছু বার্ষিক আয় আগের বছরের ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা হবে বলে প্রাক্কলন করা হয়েছে।
এই নতুন তথ্য অনুযায়ী, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উচ্চ-আয়ের অর্থনীতিগুলোর মধ্যে স্থান করে নিল। প্রাক্কলিত ৩ হাজার ২০ ডলারে মাথাপিছু আয়ের ফলে ভারত, পাকিস্তান ও নেপালের চেয়ে বাংলাদেশ এগিয়ে গেছে। দেশ তিনটির সবশেষ মাথাপিছু আয় যথাক্রমে ২ হাজার ৯৪০ ডলার, ১ হাজার ৫৮০ ডলার ও ১ হাজার ৫০০ ডলার।
যাইহোক, শ্রীলঙ্কার মাথাপিছু আয় প্রায় ৪ হাজার ২০ ও ভুটানের ৩ হাজার ৭১০ ডলার। আর মালদ্বীপ ১৩ হাজার ৯২০ ডলার মাথাপিছু জাতীয় আয় নিয়ে এ অঞ্চলে শীর্ষস্থান ধরে রেখেছে।
দেশের মানুষের উপার্জন, ব্যবসার মাধ্যমে অর্জিত মোট আয় ও বিদেশ থেকে আসা আয় মিলিয়ে জাতীয় মাথাপিছু আয় হিসাব করা হয়। বিবিএসের নতুন তথ্য অনুযায়ী, দেশে মাথাপিছু জিডিপি আগের অর্থবছরের ২ হাজার ৬২৫ ডলার থেকে বেড়ে এ অর্থবছরে ২ হাজার ৮৬৬ ডলার হয়েছে।
