বিশ্বকাপে স্লোগান বা পতাকা দেখলে খেলা বন্ধের হুঁশিয়ারি ইরানের

বিশ্বকাপে স্লোগান বা পতাকা দেখলে খেলা বন্ধের হুঁশিয়ারি ইরানের

বিশ্বকাপে স্লোগান বা ‘অননুমোদিত’ পতাকা প্রদর্শন করা হলে ম্যাচ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় ফিফাকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে অবহিত করেছে।

ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি বলেছেন, যদি স্টেডিয়ামে জাতীয় দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় বা অনুমোদনহীন পতাকা প্রদর্শন করা হয়, তাহলে দলের ম্যানেজার ম্যাচ বন্ধের উদ্যোগ নেবেন।

তিনি জানান, ‘আমরা ফিফাকে জানিয়েছি, যদি অননুমোদিত পতাকা আনা হয় বা জাতীয় দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, তাহলে দলের ম্যানেজার অবশ্যই খেলা বন্ধ করার দায়িত্ব নেবেন।’

বিশ্বকাপে ইরানের প্রথম ম্যাচ ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে তারা এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে প্রতিপক্ষ মিশর।

ইরানের এই অবস্থানের পেছনে সাম্প্রতিক বিতর্ক রয়েছে, বিশেষ করে মিশরের বিপক্ষে ম্যাচের আগে সিয়াটলের ‘প্রাইড উইকএন্ড’ নিয়ে আলোচনা। স্থানীয় আয়োজকেরা ম্যাচটিকে “প্রাইড ম্যাচ” হিসেবে চিহ্নিত করেছিলেন।

এদিকে, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সমালোচনা চলছে। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসের বাইরে বিক্ষোভকারীরা ইরানকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন।

বর্তমানে ইরান দল মেক্সিকোর তিহুয়ানায় প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের বদলে সেখানে তাদের ঘাঁটি স্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, ইরান দল ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে।

আরও পড়ুন