বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকে নতুন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকটি ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ অনুযায়ী বুধবার মো. আশরাফুল আলমকে এই পদে নিয়োগ দেয়।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংকটির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করা, আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করা এবং বৃহত্তর জনস্বার্থের জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে।
আশরাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা ও অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ সরবরাহ করবেন। বাংলাদেশের ব্যাংকিং খাতে আস্থা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকে একজন পর্যবেক্ষক নিয়োগ দেয়। ব্যাংকটিতে গত ১ জুন থেকে অস্থিরতা শুরু হয়েছে, যখন সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে গ্রাহকরা ব্যাংকটি থেকে টাকা তুলতে শুরু করেছে, যা ১ থেকে ৭ জুনের মধ্যে প্রায় ৪ হাজার কোটি টাকায় পৌঁছেছে। এই পরিস্থিতি মোকাবেলা করতে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা চেয়েছে।
