যুদ্ধবিরতি লঙ্ঘন সত্ত্বেও ইরান আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মিডল ইস্ট আইয়ের খবর অনুযায়ী, তিনি যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গে বলেন, ‘যুদ্ধ কখনোই দেশের স্বার্থে নয়। তবে যদি কেউ ইরানের মর্যাদা, ভূখণ্ড ও মাতৃভূমিকে আঘাত করে মনে করে যে দেশটি আত্মসমর্পণ করবে বা পিছু হটবে, তাহলে সেটি তাদের ভুল ধারণা।’
গাজার পরিস্থিতির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘তিন বছর ধরে একটি ছোট উপত্যকাকে তারা আত্মসমর্পণে বাধ্য করতে পারেনি।’ তাই তেহরানকেও একইভাবে পরাজিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। আল জাজিরার খবর অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র ইরানের ‘একাধিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় তেহরান বাহরাইন ও কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলার দাবি করেছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার (১০ জুন) গভীর রাতে ট্রাম্পের ‘নির্দেশে’ এসব হামলা চালানো হয়। তাদের ভাষ্যমতে, এই হামলা ছিল ‘ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের’ জবাব।
