২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট, যা ব্যাংক ঋণ এবং বিদেশি ঋণের ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১২ জুন) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এবারের বাজেটে করের জাল তৈরি করে জনজীবন দুর্বিষহ করা হয়েছে। তিনি আরও মন্তব্য করেন যে, বাজেটের মাধ্যমে লুটপাট ও দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, দুর্নীতিমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ার কোনো রূপরেখা বাজেটে নেই এবং এটি জনগণকে দেখিয়ে করা হয়েছে, যার ভেতরটা অন্তঃসারশূন্য।
রাজস্ব আয়ের ক্ষেত্রে সরকারের বাস্তবসম্মত রূপরেখা দিতে ব্যর্থতার কথা উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতের ছায়া বাজেটে জনকল্যাণমুখী একটি রূপরেখা দেওয়ার চেষ্টা করা হয়েছে। জুলাই সনদের ভিত্তিতে বাজেট বাস্তবায়ন না হওয়ায় দুর্নীতির সুযোগ থেকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
