ভারতের আসামে অবতরণের আগমুহূর্তে বিমানবাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৩ জুন) রাজ্যের জোরহাট বিমান ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, অবতরণের সময় বিমান বাহিনী স্টেশন চত্বরের ভেতরেই এএন-৩২ বিমানটি আছড়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়। পরিস্থিতি মোকাবিলায় জরুরি উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার কারণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতীয় বিমানবাহিনী ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং পরিস্থিতি পর্যালোচনার পর বিস্তারিত তথ্য জানানো হবে। বিমানবাহিনী এ ঘটনায় তদন্ত শুরু করেছে।
আন্তোনভ এএন-৩২ বিমানটি ভারতের বিমানবাহিনীর প্রধান ভরসা হিসেবে পরিচিত, যা মূলত সোভিয়েত ইউনিয়নে তৈরি করা হয়েছিল। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর বহরে এ ধরনের প্রায় ১০০টি বিমান রয়েছে।
এএন-৩২ বিমানটি প্রতিকূল পরিবেশে উড়তে সক্ষম, বিশেষ করে উষ্ণ ক্রান্তীয় আবহাওয়ায়। এটি সর্বোচ্চ ৭ দশমিক ৫ টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহন করতে পারে এবং দুর্গম এলাকায় রসদ সরবরাহের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
এর আগে মার্চে আসামের কার্বি আংলং জেলায় সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল, যেখানে দুজন পাইলট নিহত হয়। ৫ মার্চ জোরহাট বিমান বাহিনী স্টেশন থেকে নিয়মিত উড্ডয়নের পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে এটি কার্বি আংলং জেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।
