জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী মারা গেছেন

জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী মারা গেছেন

সিলেট-৫ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী শুক্রবার (১২ জুন) রাত দেড়টার দিকে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানাবিধ জটিল রোগে ভুগছিলেন তিনি। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং গত দুইদিন লাইফ সাপোর্টে ছিলেন।

ফরিদ উদ্দিন চৌধুরী জামায়াতে ইসলামীর সিলেট জেলার সাবেক আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ছিলেন। তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরীর শ্বশুর। সিলেটসহ কানাইঘাটের তালবাড়িতে একাধিক জানাজার নামাজ শেষে তাকে গ্রামের বাড়ির কবরস্থানে সমাহিত করা হবে।

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সিলেট নগরে বিভিন্ন শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে জামায়াতে ইসলামীর রাজনীতির শক্ত ভিত্তি গড়ে তুলেছিলেন। তিনি আলহামরা শপিং সিটির অন্যতম উদ্যোক্তা এবং ভাইস চেয়ারম্যান ছিলেন।

আশির দশকে তার নেতৃত্বে সিলেটে প্রথম জামেয়া ইসলামিয়া মিরাবাজার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যেখানে তিনি প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দি সিলেট ইসলামিক সোসাইটি, জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা এবং আল আমিন জামেয়া ইসলামিয়া প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ফরিদ উদ্দিন চৌধুরী ২০০১ সালে সিলেট-৫ জকিগঞ্জ কানাইঘাট আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে সিলেট জেলার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল ও সিলেট এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্রসংঘের সিলেট জেলা সভাপতির দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন