নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ ২ গ্রেফতার

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ ২ গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদলের এক নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক মো. শহীদ (৪০) ও সহযোগী শাহিন মিয়া (৩৮)। ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

মামলার অভিযোগে জানা যায়, ভুক্তভোগী নারী তার স্বামী ও সন্তানসহ ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। গত ১০ জুন বিকাল সাড়ে ৫টার দিকে তিনি রান্নাঘরে কাজ করার সময় মো. শহীদ ও শাহিন মিয়া তার মুখ চেপে ধরে সন্তানদের ভয়ভীতি দেখিয়ে পাশের একটি চারতলা ভবনের নিচতলায় নিয়ে যান। সেখানে তাকে হাত ও মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।

সন্ধ্যার পর তার স্বামী বাড়িতে ফিরে এলে পুরো ঘটনাটি তাকে জানানো হয়। ভুক্তভোগী সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে। এরপর পুলিশ শুক্রবার রাতে অভিযুক্ত মো. শহীদ ও শাহীনকে গ্রেফতার করে।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন