জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় কমিটিতে ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন না করায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতারা। শনিবার (১৩ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। যুবদল ও ছাত্রদলের সাবেক বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা এতে অংশ নেন।
একই সময়ে যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে মামলা-হামলা ও নির্যাতনের শিকার হলেও নতুন কমিটিতে অনেককে স্থান দেওয়া হয়নি। তারা দাবি করেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠদের প্রাধান্য দেওয়া হয়েছে, যা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
পদবঞ্চিত নেতা রফিকুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে ছিলাম, কিন্তু এখন পরিচয়হীন। আমাদের রাজনৈতিক পরিচয় ও মূল্যায়ন চাই।” সাবেক সহ-সভাপতি হুমায়ন কবির বলেন, “আমরা আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিলাম, অথচ নতুন কমিটিতে আমাদের স্থান দেওয়া হয়নি। আমরা সুবিচার চাই।”
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, রিয়ন তালুকদার প্রমুখ।
