কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। শনিবার (১৩ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নারান্দী ও কুমারপুর এলাকায় এসব ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছে কুমারপুর গ্রামের জুনায়েদ মিয়ার শিশু কন্যা ওয়াজিহা (২), নারান্দী গ্রামের রইছ উদ্দিনের স্ত্রী কুলসুম (৫৫), তাইজুদ্দিনের ছেলে সিয়াম (৪), মিলন মিয়ার ছেলে আজিম উদ্দিন (৬১), এবং মুর্শিদ মিয়ার স্ত্রী সালমা আক্তার (৪৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নারান্দী ও কুমারপুর গ্রামে শিয়ালের কামড়ে আহত হয়। আহতরা বসতবাড়ির আঙ্গিনায় এবং বাড়ির সামনে অবস্থান করছিলেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, আহত সবাই হাসপাতাল থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন এবং তাদের সবাইকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি এ উপজেলার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে অর্ধ-শতাধিক নারী, শিশু ও বয়স্ক আক্রান্ত হয়েছেন।
