মুন্সীগঞ্জে নৌ ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে নৌ ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ১০ জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুল মাবুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে ধলেশ্বরী নদীতে নিয়মিত নৌ টহল চলাকালে সন্দেহজনক একটি নৌকার গতিবিধি লক্ষ্য করে অভিযান চালানো হয়। অভিযানে ১০ জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি উচ্চগতির ইঞ্জিনচালিত নৌকা, দুটি ধারালো দা, ছয়টি মোবাইল ফোন, দুটি টর্চলাইট ও সাতটি কাঠের ডাসা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সাদ্দাম হোসেন (৩৮), বোরহান উদ্দিন (২৮), মো. রোমান (২৩), তারা মিয়া (৩৮), ইউনুস আলী (৩৮), ইসমাইল হোসেন (২৭), আব্দুর রহমান (২৭), সুলাইমান (৩৪), শরীফ হোসেন (৩২) ও মো. আরমান (২৩)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সিরাজদিখান উপজেলার বয়রাগাদি এলাকা থেকে সংঘবদ্ধ হয়ে ধলেশ্বরী নদীর বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে ৮ জুন গজারিয়া উপজেলার লস্করদী এলাকা থেকে ডাকাত দলের সর্দার মো. জাকির হোসেন ও তার সহযোগী মুক্তার ওরফে কালামুক্তারকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন