লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাত যোদ্ধাকে হত্যা করার দাবি করেছে দখলদার ইসরায়েল। আজ শনিবার (১৩ জুন) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এই সপ্তাহে দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর ৫৫১তম প্যারাট্রুপার ব্রিগেডের রিজার্ভ সেনারা হিজবুল্লাহর দুটি সেল শনাক্ত করে। এই সেলের যোদ্ধারা একটি টানেল থেকে বের হয়ে আসেন, যা তারা অস্ত্র সংরক্ষণ ও হামলার কাজে ব্যবহার করতেন।
অতঃপর টানেলে থাকা যোদ্ধাদের ওপর বিমান হামলা, গোলাবর্ষণ এবং বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, এসব হামলায় সাত যোদ্ধা প্রাণ হারান।
হামলার পর টানেলের ভেতর থেকে অস্ত্র ও অন্যান্য উপকরণ পাওয়া গেছে বলেও দাবি করেছে তারা।
গত মার্চ থেকে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং এখন পর্যন্ত লেবাননে অসংখ্য হামলা চালিয়েছে, যার ফলে দেশটিতে তিন হাজারের বেশি মানুষ মারা গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৩ হাজার ৭৫৬ জনে পৌঁছেছে এবং আহতের সংখ্যা ১১ হাজার ৬৩২ জন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ২ মার্চ ইসরায়েলে প্রথম হামলা চালায়, এরপর দুই পক্ষের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়।
