আগামীকাল রোববার বার্মিংহ্যামের এজবাস্টনে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে অভিষিক্ত নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিবাচক শুরু করতে চায় টাইগ্রেসরা।
তবে চ্যালেঞ্জটি কঠিন হতে পারে। প্রস্তুতিমূলক ম্যাচগুলোর হতাশাজনক ফল পেছনে ফেলে টাইগ্রেসরা আশা করছে, দলের ব্যাটাররা এই টুর্নামেন্টে জ্বলে উঠবেন, যেখানে এরই মধ্যে বড় স্কোরের দেখা মিলেছে। গত মাসে ইংল্যান্ডে পৌঁছানোর পর একটি ত্রিদেশীয় সিরিজে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ। এরপর প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের কাছে পরাজয়ের ফলে তাদের ধারাবাহিকতার অভাব দেখা গেছে।
এমন পরিস্থিতিতে, টুর্নামেন্টের শুরু নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি বলেন, ‘আমার মনে হয়, টুর্নামেন্টে ভালো শুরু করার জন্য এটি আমাদের দারুণ একটি সুযোগ। আমরা সম্প্রতি তাদের (নেদারল্যান্ডসের) বিপক্ষে খেলেছি এবং এই কন্ডিশনে তারা খুবই ভালো দল। তাই আমরা সত্যিই নিজেদের সেরা খেলাটাই খেলতে চাই।’
জ্যোতি ব্যাটিং ইউনিটকে আরও দায়িত্বশীল হতে আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা প্রচুর রান আশা করছি। কারণ আমরা গতকালের ম্যাচ দেখেছি, আর ব্যাটাররা পুরোটা জুড়েই দাপট দেখিয়েছে। তাই আমরা আশা করছি, আমাদের ব্যাটাররাও একই কাজ করবে।’
বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য পরিষ্কার— প্রথমবারের মতো গ্রুপ পর্বের বাধা পার হওয়া। টাইগ্রেসরা এবার অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে কঠিন ‘এ’ গ্রুপে পড়েছে। গত ছয় আসরে ২৫ ম্যাচ খেলে তারা মাত্র তিনটিতে জয় পেয়েছে।
জ্যোতি বলেন, ‘আমরা ইতিবাচক মানসিকতা বজায় রাখতে চাই এবং আমাদের উদ্দেশ্য যেন সব সময় পরিষ্কার থাকে তা নিশ্চিত করতে চাই। আমরা অনেকবার দেখেছি, আমাদের ব্যাটাররা ভালো রান করলে দলের পুরো চিত্রটাই বদলে যায়।’
অন্যদিকে, আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম আসরে ‘আন্ডারডগ’ তকমাটা আনন্দের সঙ্গে মেনে নিচ্ছেন নেদারল্যান্ডস অধিনায়ক বাবেট ডি লিডে। তিনি চমক দেখানোর সুযোগ খুঁজছেন। বাবেট বলেন, ‘আমরা আন্ডারডগ হিসেবে এসেছি। তবে আমরা কিছু অঘটন ঘটাতে চাই। আর আমি নিশ্চিত যে আমরা আমাদের সেরাটাই দেব।’
