বরগুনার সদর উপজেলায় মাদক চোরাকারবারিতে বাধা দেওয়ায় ইউনিয়ন পরিষদের এক প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর পিটুনিতে অভিযুক্ত ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তার এক সহযোগী।
গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চামিলি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, নিহত ইব্রাহিম হোসেন কালুর বিরুদ্ধে মাদক চোরাকারবারিসহ ১৩ থেকে ১৪টি মামলা রয়েছে। আহত গোলাম মোস্তফা বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালু বাহিনী দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। গোলাম মোস্তফার সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হলে গতকাল কালু ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে গোলাম মোস্তফাকে গুরুতর জখম করে। আহত মোস্তফাকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আব্দুল আলীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কালু ও তার সহযোগী তাওহীদকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কালুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তাওহীদকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, গত ফেব্রুয়ারি মাসে কালুকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। কয়েকদিন আগে তিনি জামিনে মুক্তি পান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
