ভারত থেকে সম্ভাব্য পুশইনের আশঙ্কায় ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয় গ্রামবাসীরা স্বেচ্ছায় পাহারায় অংশ নিচ্ছেন।
রোববার (১৫ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির সদস্যদের কড়া নজরদারি ও টহল কার্যক্রম দেখা গেছে। স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। সন্দেহজনক ব্যক্তি বা গতিবিধি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার জন্য এলাকাবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে।
সীমান্তবর্তী মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে এবং তারা নিজেদের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছায় বিজিবির সঙ্গে সমন্বয় করে পাহারায় অংশ নিয়েছেন। রত্নাই সীমান্ত এলাকার বাসিন্দা আব্দুল করিম জানান, সীমান্ত দিয়ে যেন কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো না হয়, সেজন্য তারা সতর্ক রয়েছেন।
আরেক বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, তারা চান সীমান্ত সবসময় নিরাপদ থাকুক এবং কোনো ধরনের পুশইন বা অবৈধ অনুপ্রবেশের ঘটনা যেন না ঘটে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাকুর রহমান জানান, সীমান্তে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে এবং সার্বক্ষণিক নজরদারি বজায় রেখেছে।
