হামের উপসর্গে দেশে চার শিশুর মৃত্যু

হামের উপসর্গে দেশে চার শিশুর মৃত্যু

হামের উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশু মারা গেছে। রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৩ জুন) সকাল আটটা থেকে রোববার (১৪ জুন) সকাল আটটা পর্যন্ত সময়ে এই শিশুমৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫৬০ শিশু, এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯২ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫২।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৫২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা ৮৫ হাজার ৯৫১।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৭৫ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১০ হাজার ৩২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এছাড়া, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ হাজার ৫৭৯ জন, যার মধ্যে ৬৬ হাজার ৮৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। তবে হামের উপসর্গে চার শিশুর মৃত্যু ঘটেছে, তাদের মধ্যে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।

আরও পড়ুন