সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি বালুভর্তি একটি কার্গো জাহাজও জব্দ করা হয়েছে।
রোববার (১৪ জুন) সকালে শ্যামনগর উপজেলার ঝাঁপার চর থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন ইব্রাহিম গাজী, নাঈম ইসলাম, আজারুল ইসলাম, সজিব শেখ ও জাবিরুল ইসলাম। তারা খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন এলাকার বাসিন্দা।
নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহারিয়ার রাজিব জানান, উপকূলের নদী থেকে অবৈধ বালু উত্তোলনকালে আটকরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট তাদের সোপর্দ করা হয়েছে।
