বাংলাদেশের প্রতি ভারতের সম্পর্ক জাতীয় স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে হতে হবে, বলেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি রোববার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন।
আলাল বলেন, “বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ। কেউ এ দেশে এলে তাকে বরণ করে নেওয়া হয়, তবে দীর্ঘদিন থাকতে চাইলে বিদায় করার উপায়ও আমাদের জানা আছে।”
তিনি ভারতের উদ্দেশ্যে বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা বাংলাদেশের মানুষ স্বীকার করে।” তবে ভিয়েতনাম ও আফগানিস্তানের উদাহরণ টেনে আলাল জানান, সেখানে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়া টিকে থাকতে পারেনি। তিনি আরও বলেন, “বাংলাদেশে ঢোকা অত্যন্ত সহজ, বাংলাদেশ থেকে বের হওয়া এর চেয়ে কষ্টকর।”
সীমান্তে ‘পুশইন’ প্রসঙ্গে আলাল বলেন, “যদি এত আগ্রহ থাকে, তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেওয়া যেতে পারে, কারণ তার বাড়ি বরিশালে। তাকে সম্মানের সঙ্গে আতিথ্য দেওয়া হবে। আমরা আপনাদের মতো আচরণ করি না।”
আলাল অভিযোগ করেন, ভারতে ধর্মের নামে বিভাজন সৃষ্টি হচ্ছে এবং সংখ্যালঘু মুসলমানদের ওপর অত্যাচার চালানো হচ্ছে, যা বিশ্বব্যাপী নিন্দিত হচ্ছে।
সমাবেশে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
