সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেনি মন্ত্রিপরিষদ বিভাগ। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদকে এই তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে জামায়াতের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
মন্ত্রী জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অনুযায়ী বিতর্কিত সহকারী শিক্ষক (সংগীত) পদটি সৃষ্টির বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অসম্মতি প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালুর এই সিদ্ধান্ত নিয়ে গত কয়েক মাস ধরেই দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে নানা বিতর্ক সৃষ্টি হয়েছিল। বিশেষ করে, হেফাজতে ইসলাম বাংলাদেশ সংগীত শিক্ষা চালুর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে আসছিল।
তারা দাবি করেছিল, ধর্মপ্রাণ মুসলিম অভিভাবকদের মতামত উপেক্ষা করে সংগীত শিক্ষা চালু করা হলে তা মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করবে। সংগঠনটি সংগীতের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে আসছিল।
এর আগে, ২০২৫ সালের ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ এর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তবে ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের আপত্তির মুখে গত বছরের নভেম্বরে এই বিধিমালা সংশোধন করতে বাধ্য হয় তৎকালীন অন্তর্বর্তী সরকার।
সংশোধিত বিধিমালায় শুধুমাত্র প্রধান শিক্ষক ও সাধারণ সহকারী শিক্ষক নিয়োগের কথা বলা হয় এবং সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগটি পুরোপুরি বাদ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবার মন্ত্রিপরিষদ বিভাগও এই পদ সৃষ্টির প্রস্তাবে চূড়ান্ত অসম্মতি জানাল।
