কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতাউর রহমান (৫৩) নামের এক স্থানীয় বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া ফুটানি পাড়া গ্রামের মৃত উজির বিশ্বাসের ছেলে। তিনি আদাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আহতদের মধ্যে একজন হলেন দুখিপুর তারাগুনিয়া এলাকার হাসানুজ্জামানের ছেলে হুমায়ুন কবির (২৩) এবং অন্যজন তারাগুনিয়া কৈপাল এলাকার মোখলেসুর রহমানের ছেলে শুভ (২৭)। শুভর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া আড়াইশ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে, আর হুমায়ুন কবির দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মাঠপাড়া এলাকায় দ্রুতগতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল দুইটির তিন আরোহী ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন