ভারত বাংলাদেশ সীমান্তে জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে

ভারত বাংলাদেশ সীমান্তে জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে

বাংলাদেশ সীমান্তসংলগ্ন জেলাসহ ভারতের বিভিন্ন কৌশলগত এলাকায় অবৈধ অনুপ্রবেশের কারণে সৃষ্ট জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ কমিটিকে প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

১৩ জুন শনিবার অনুষ্ঠিত বৈঠকে অমিত শাহ বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য বাংলাদেশ থেকে হওয়া কথিত অবৈধ অভিবাসন ও অনুপ্রবেশের বিষয়টি খতিয়ে দেখা। গত ২৬ মে আনুষ্ঠানিকভাবে গঠিত এই কমিটি প্রথম বৈঠক সম্পন্ন করেছে ২ জুন।

কমিটি বাংলাদেশ সীমান্তবর্তী জেলা, মহানগর ও শিল্পাঞ্চল পরিদর্শন করবে এবং জনসংখ্যার ভারসাম্যে পরিবর্তনের কারণ অনুসন্ধান করবে। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান তপন কুমার ডেকা উপস্থিত ছিলেন।

কমিটির কার্যক্রমের মধ্যে ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়টিও খতিয়ে দেখা হবে, যা নাগরিকত্ব ইস্যু নিয়ে দীর্ঘদিনের বিতর্কের সাথে সংযুক্ত।

কমিটির মূল কাজ হলো অবৈধ অনুপ্রবেশের কারণে ঘটে যাওয়া জনমিতিক পরিবর্তনগুলো খতিয়ে দেখা এবং জনসংখ্যা স্থিতিশীল করার জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থার সুপারিশ করা। কমিটি ভারতে বসবাসকারী কথিত অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ ও ফেরত পাঠানোর জন্য একটি স্থায়ী পরিচালন ব্যবস্থা গড়ে তোলার সুপারিশও করবে।

বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন উত্তরপ্রদেশের সাবেক প্রধান সচিব দুর্গা শঙ্কর মিশ্র, অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা বালাজি শ্রীবাস্তব এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য শমিকা রবি।

আরও পড়ুন