উচ্চ আদালত থেকে তিন মামলায় জামিন পাওয়ার পর সাতক্ষীরা সদর থানার একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ জুন) সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডলের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করার আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০২০ সালে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের অহেদ আলী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আসামিপক্ষ জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সেঁজুতির আইনজীবী অ্যাডভোকেট আল মাহামুদ জানান, অন্যান্য মামলায় দীর্ঘদিন কারাবন্দি থাকার পর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে নতুন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারেও তার নাম ছিল না বলেও দাবি করেন তিনি।
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ২৬ মার্চ রাতে ধুলিহর এলাকায় পারুল বেগমের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ রয়েছে। এ সময় তার স্বামী অহেদ আলীকে অপহরণ করে হত্যা করা হয় এবং পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়।
সম্প্রতি পারুল বেগম আদালতে নালিশি মামলা দায়ের করলে আদালত সেটিকে এজাহার হিসেবে গ্রহণ করে সাতক্ষীরা সদর থানাকে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দেন। মামলায় লায়লা পারভীন সেঁজুতিসহ ৪৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
ইব্রাহিম খলিল/এসএইচএ
