বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিএনপি সরকারের অন্তর্ভুক্তিমূলক বাজেটে শ্রমিক ও কৃষকদের বিশেষ কোনো স্থান নেই। রবিবার (১৪ জুন) কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি অভিযোগ করেন, সরকার সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল ঘোষণা করলেও শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কোনো খবর নেই। কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিত না হওয়ায় ঘাটতি বাজেটের চাপ সাধারণ মানুষের ওপর পড়বে বলেও মন্তব্য করেন সাইফুল হক।
সাইফুল হক বলেন, মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার চেষ্টা না করলে প্রবৃদ্ধির কোনো হিসেবই কার্যকর হবে না।
যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা বিরোধী হিসেবে অভিহিত করে তিনি বলেন, এই চুক্তি বাংলাদেশের ওপর আদেশনামার মতো। তিনি সংসদে আলোচনা করে এই চুক্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বন্ধুত্বের বার্তার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ভারতকে বিএসএফ কর্তৃক সীমান্তে পুশ ইন ও হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।
তিনি সমতা, ন্যায্যতা ও সমমর্যাদার ভিত্তিতে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে ভারতের প্রতি আহ্বান জানান।
বিএনপি সরকারের চার মাসের কার্যক্রমের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রে সরকার কিছু অগ্রগতি দেখালেও রাজনৈতিক ক্ষেত্রে তা হচ্ছে না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আকবর খান, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন প্রমুখ।
