অবসর ভেঙে ফেরা নয়্যারের হাতেই জার্মানির ভাগ্য দেখছেন কোচ জুলিয়ান নাগেলসম্যান। পরপর দুই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় এবং ফিফা র্যাংকিংয়ে দশম স্থানে নেমে যাওয়ার পর জার্মানি এখন কঠিন সময় পার করছে। ২০১৪ বিশ্বকাপ জেতার পর জার্মানির পারফরম্যান্স সন্তোষজনক নয়।
নাগেলসম্যান বলেন, ‘গত দুটো বিশ্বকাপের দিকে তাকালে আমরা ভালো পারফর্ম করতে পারিনি। সে হিসেবে আমাদের ফেভারিট ভাবা স্বাভাবিক নয়। তবে, আমাদের দায়িত্ব একটি নিখুঁত বিশ্বকাপ কাটানো, যাতে সবাই আমাদের ফেভারিট ভাবতে বাধ্য হয়।’
তিনি আরও জানান, এই ‘নিখুঁত’ বিশ্বকাপ কাটানোর জন্য সবচেয়ে বেশি ভরসা রয়েছে অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের ওপর। নাগেলসম্যান বলেন, ‘বালো বিশ্বকাপ কাটাতে হলে আমাদের সেরা ফর্মের নয়্যারকে দরকার। যদিও বিশ্বকাপের আগে সে সেরা অবস্থানে ছিল না, এখন সে পুরোপুরি প্রস্তুত।’
নয়্যার কুরাসাওয়ের বিপক্ষে গোলপোস্টে দাঁড়িয়ে থাকবেন। এটি তার পঞ্চম বিশ্বকাপে খেলার সুযোগ। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করার পর কোচের অনুরোধে তিনি আবারও জাতীয় দলে ফিরেছেন।
চারবারের চ্যাম্পিয়ন জার্মানি কুরাসাওকে হালকাভাবে নিচ্ছে না। কুরাসাওয়ের ডাগআউটে ৭৮ বছর বয়সী ডাচ কোচ ডিক অ্যাডভোকাট রয়েছেন, যার বিশ্বকাপে আসার অভিজ্ঞতা রয়েছে।
