রূপপুর পারমাণবিক প্রকল্পে যান্ত্রিক ত্রুটি শনাক্ত

রূপপুর পারমাণবিক প্রকল্পে যান্ত্রিক ত্রুটি শনাক্ত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে জ্বালানি লোড করার পর পরীক্ষা চলাকালে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এর ফলে দেশের প্রথম পারমাণবিক কেন্দ্রের পরীক্ষামূলক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

আজ রোববার বিদ্যুৎকেন্দ্রের মিডিয়া কর্মকর্তা সৈকত আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ত্রুটি সংশোধন করার সঙ্গে সঙ্গে পরীক্ষামূলক কার্যক্রম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার জ্বালানি লোড করার পর ‘কোল্ড রান’ পরীক্ষা চলাকালে এ সমস্যা ধরা পড়ে। সৈকত আহমেদ বলেন, ‘কোল্ড রান পরীক্ষা চলাকালে সিস্টেমে যখন চাপ দেওয়া হচ্ছিল, তখন একটি যান্ত্রিক ত্রুটি চিহ্নিত হয়। এতে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করা হয়।’

তিনি আরও জানান, ‘সমস্যাটি সামান্য এবং ইতোমধ্যে মেরামতের কাজ শুরু হয়েছে। সমাধান হলেই খুব দ্রুত সিস্টেমের কার্যক্রম আবার শুরু হবে।’

রূপপুরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, রুশ কর্তৃপক্ষকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে। তবে রুশ প্রতিষ্ঠান রসাটম কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। রসাটমের এক প্রতিনিধি ডেইলি স্টারকে জানান, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং বা চালুকরণের এ ধাপে এমন সমস্যা স্বাভাবিক ঘটনা।

‘আমরা সমস্যাগুলো খতিয়ে দেখে সমাধান করি। এরপর সিস্টেম যখন পুরোপুরি কাজ করে, তখন উৎপাদনে যায়। এতে দুশ্চিন্তার কিছু নেই,’ বলেন তিনি।

আরও পড়ুন