নাইজেরিয়ায় হামলায় নিহত ২০, ভয়াবহতা বাড়ছে সন্ত্রাসী কর্মকাণ্ডে

নাইজেরিয়ায় হামলায় নিহত ২০, ভয়াবহতা বাড়ছে সন্ত্রাসী কর্মকাণ্ডে

নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার লক্ষ্যবস্তু হওয়া একটি উগ্রপন্থী গোষ্ঠীর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। রোববার জাতিসংঘের এক গোয়েন্দা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রহস্যময় ‘লাকুরাওয়া’ গোষ্ঠীর সদস্যরা নাইজার সীমান্তবর্তী কেব্বি রাজ্যের আরেওয়া জেলার ফেসকেন রাফি সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে ২০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলার ঘটনা কয়েক দিন আগে ঘটলেও কেব্বি রাজ্যের উপ-গভর্নর ঘটনাস্থল পরিদর্শনের পর বিষয়টি প্রকাশ্যে আসে। হামলার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত কয়েক মাস ধরে লাকুরাওয়া গোষ্ঠীর সহিংসতা বন্ধ থাকার পর এই হামলার ঘটনা ঘটেছে।

গত বছরের ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়, যেখানে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধা, লাকুরাওয়া জিহাদি গোষ্ঠী এবং ডাকাতদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে ওই হামলায় কতজন নিহত হয়েছিল এবং তারা কোন গোষ্ঠীর সদস্য ছিল, তা এখনও জানা যায়নি। সাম্প্রতিক এই হামলার পেছনের মূল কারণ পরিষ্কার নয়, তবে উত্তর ও মধ্য নাইজেরিয়ায় অপহরণকারী ও গবাদি পশু চোরাকারবারি চক্রগুলো কৃষকদের ওপর হামলা ও অপহরণ চালাচ্ছে।

আরও পড়ুন