নেত্রকোণার পূর্বধলা উপজেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত শিশির আহম্মদ তালুকদার রাতুল (২২) পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের শালদিঘা গ্রামের বাসিন্দা এবং পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
আজ রোববার নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম জানিয়েছেন, ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকা থেকে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৪তম আবর্তনের শিক্ষার্থী শরীফ হোসেন (২১) গত ১০ জুন সন্ধ্যায় গ্রামের বাড়ি নেত্রকোণার আটপাড়া উপজেলা থেকে সদরের নতুন বাইপাস এলাকায় যাওয়ার উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন। ভুল করে তিনি পূর্বধলা উপজেলার শালদিঘা এলাকায় নামেন।
পুলিশ আরও জানায়, পরে পায়ে হেঁটে ত্রিমোহনীর দিকে যাওয়ার সময় শালদিঘা ঈদগাহ মাঠসংলগ্ন সড়কে পৌঁছালে দুজন তার পথরোধ করে। এ সময় শরীফকে মারধর করে অস্ত্রের ভয় দেখিয়ে নির্জন স্থানে নেওয়া হয়। সেখানে আরও একজন যোগ দিয়ে তিনজন মিলে তার ওপর শারীরিক নির্যাতন চালায় এবং তার কাছে থাকা প্রায় সাড়ে ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এরপর তার মোবাইল ফোন দিয়ে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ১০ হাজার টাকা স্থানান্তর করা হয় এবং প্রায় ২২ হাজার টাকা মূল্যের স্মার্টফোনও ছিনিয়ে নেওয়া হয়।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, নির্যাতনের সময় শরীফকে জোর করে রাজনৈতিক স্লোগান দিতে বাধ্য করা হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
১১ জুন রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা করেন শরীফ। পূর্বধলা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ময়মনসিংহের চরপাড়া এলাকা থেকে অভিযুক্ত শিশির আহম্মদকে গ্রেপ্তার করে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ‘অভিযুক্তের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
