চট্টগ্রামে দুই বছর আগে উদ্ধার হওয়া এক অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের পেছনে রয়েছে সম্পত্তি নিয়ে বিরোধ।
মামলার তদন্তে জানা গেছে, নিজ ছেলে বেলাল হোসেন (৩৫) তার বাবাকে হত্যার পরিকল্পনা করে। বেলালের সহযোগী আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল আদালতে হাজির হলে বেলাল তার অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পিবিআই চট্টগ্রামের পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, হালিশহর থানার পুলিশ লাশের পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছিল। তবে ভুক্তভোগীর মেয়ের দেওয়া সূত্র ও মোবাইল নম্বরের কল ডিটেইলস বিশ্লেষণ করে তারা ভিক্টিমের পরিচয় নিশ্চিত করে।
২০২৪ সালের ৯ জুন হালিশহর থানার সিডিএ আউটার রিং রোড থেকে পুলিশের দ্বারা উদ্ধার করা হয় পচন ধরা অজ্ঞাত পরিচয় মরদেহ। নিহতের পরনে ছিল সাদা লুঙ্গি ও পাঞ্জাবি। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।
মজিবুর রহমান নামে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির দ্বিতীয় স্ত্রীর মেয়ে সালমা বেগম কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন। পিবিআই তদন্ত শুরু করলে নতুন মোড় আসে।
পিবিআই কর্মকর্তারা জানান, বেলাল তার বাবাকে নগরীর কোতোয়ালী এলাকা থেকে কোতোয়ালী এলাকা থেকে বাকলিয়ার একটি বাসায় নিয়ে গিয়ে অচেতন করে। পরে তাকে হালিশহর এলাকায় নিয়ে গিয়ে হত্যা করা হয়।
পিবিআই ১৩ জুন বেলাল ও ১৪ জুন আব্দুল জলিলকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এই হত্যাকাণ্ডের সহায়তাকারী পলাতক নারীর খোঁজে পিবিআই অভিযান অব্যাহত রেখেছে।
