চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামহরি বৈষ্ণব (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে লালদীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রামহরি বৈষ্ণব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর এলাকার বাসিন্দা ছিলেন এবং তিনি লালদীঘির পাড় এলাকার একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্ঘটনার সময় রামহরি খাবারের দোকানের জানালায় আর্জেন্টিনার পতাকা টাঙাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি জানালার পাশে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন জানান, লালদীঘির পাড় এলাকায় পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
