দেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক, দিনে ১০ খুন

দেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক, দিনে ১০ খুন

দেশজুড়ে রাজনৈতিক কোন্দল, আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য ও সশস্ত্র সংঘর্ষের ফলে খুন, টার্গেট কিলিং ও বন্দুক হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত তিন মাসে সারা দেশে ৯১৫টি হত্যাকাণ্ডের মামলা নথিভুক্ত হয়েছে, যা গড়ে প্রতিদিন ১০টিরও বেশি খুনের ঘটনা নির্দেশ করে। বিশ্লেষকরা বলছেন, অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার, আইন প্রয়োগকারী সংস্থার দুর্বলতা এবং ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সহিংসতা বেড়েছে।

মার্চে ৩১৭, এপ্রিল ২৮৮ ও মে মাসে ৩১০টি হত্যা মামলা দায়ের হয়েছে। চলতি বছরে সবচেয়ে বেশি ২০৭টি খুনের ঘটনা ঘটেছে ঢাকা রেঞ্জে, এরপর চট্টগ্রামে ১৮৬টি, রাজশাহীতে ১০৬টি ও খুলনায় ৮৪টি মামলা হয়েছে।

ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা খায়রুল হাসান বলেন, তারা নিরাপদ বোধ করছেন না। সম্প্রতি চট্টগ্রামের রাউজান উপজেলায় যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। স্থানীয়রা রাউজানকে ‘সন্ত্রাসের জনপদ’ হিসেবে অভিহিত করছেন।

২০১৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজানে অন্তত ২৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৮টি রাজনৈতিক বিরোধের কারণে। অন্যদিকে খুলনায় এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

অপরাধবিজ্ঞানীরা মনে করছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনও কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছায়নি। তারা পুলিশ বাহিনীর পুনর্গঠন এবং অবৈধ অস্ত্র চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, তারা তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং ভবিষ্যতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন