কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ ইন করা ৯ জন বাংলাদেশিকে ৪৮ ঘণ্টা অতিক্রম করেও ফেরত নেয়নি বিএসএফ। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পুশ ইন হওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ায় ওই ৯ জন নারী, শিশু ও পুরুষ সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছেন।
বিজিবি জানায়, গত রোববার (১৪ জুন) স্থানীয় সময় ভোর ৬টায় ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার ঝালুর চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং ইজলামারী সীমান্ত দিয়ে আরও ৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে ৬ জন পুরুষ, একজন নারী ও ২ জন শিশু রয়েছে।
বিজিবি আরও জানায়, এ সময় বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে পুশ ইন-এর চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ পুশ ইন-এর অভিযোগ অস্বীকার করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়।
এদিকে, ঘটনার ৪৮ ঘণ্টা অতিক্রম হলেও কোনো সমাধান না হওয়ায় সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত ৯ জন সদস্যকে স্থানীয় বাসিন্দারা মানবিক কারণে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ছাতা ও পলিথিন সরবরাহ করে সহায়তা করছে।
জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বিএসএফ নারী, শিশু ও পুরুষসহ ৯ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছিল। বিজিবি ও স্থানীয় জনগণের বাধার কারণে সেই চেষ্টা সফল হয়নি। সীমান্তে এ ধরনের ঘটনা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।
