দুবাইয়ে ৪৮ ঘণ্টায় টুরিস্ট ভিসা, সাশ্রয়ী ভ্রমণের সুযোগ

দুবাইয়ে ৪৮ ঘণ্টায় টুরিস্ট ভিসা, সাশ্রয়ী ভ্রমণের সুযোগ

সংযুক্ত আরব আমিরাত পর্যটকদের জন্য সুখবর দিয়েছে। এখন থেকে ৪৮ ঘণ্টার মধ্যে টুরিস্ট ভিসা পাওয়া যাচ্ছে। শনিবার (২০ জুন) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভ্রমণপিপাসুদের আকর্ষণ করতেই এই পদক্ষেপ নিয়েছে দেশটি।

ট্রাভেল এজেন্টরা বলছেন, দ্রুত ভিসা সুবিধার পাশাপাশি আমিরাতে হোটেল, আউটডোর অ্যাক্টিভিটি ও দর্শনীয় স্থানে বড় ছাড় দেওয়া হয়েছে। এতে সাশ্রয়ী খরচে দুবাই ট্যুর এখন আকর্ষণীয় হয়ে উঠেছে। মাত্র ১৩৯ দিরহামে হোটেল রুম পাওয়া যাচ্ছে। এ ছাড়া ডেজার্ট সাফারি, জেট স্কি ও বাগি রাইডে চমকপ্রদ ছাড় দেওয়া হচ্ছে। দ্রুত বুকিং দিলে খুব সাশ্রয়ী খরচে ভ্রমণের সুযোগ মিলছে।

খালিজ টাইমস সাশ্রয়ী ভ্রমণের জন্য কয়েকটি টিপস দিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, পর্যটকদের সবচেয়ে বড় খরচের খাত হলো আবাসন। গ্রীষ্মকালে অনেক হোটেল নানা ছাড় দেয়। তাই অনলাইনে দেখে বুকিং না করে সরাসরি আসার পর বুকিং দেওয়া উচিত। এতে খরচ অনেকটাই বেঁচে যেতে পারে, কারণ ভাড়া বিভিন্ন সময়ে কমবেশি হয়।

ওয়াইজফক্স ট্যুরিজমের সিনিয়র ম্যানেজার সুবাইর বলেন, গ্রীষ্মকালে দুবাই এখন অনেক সাশ্রয়ী গন্তব্যে পরিণত হয়েছে। হোটেল ভাড়া কম ও দর্শনীয় স্থানে বিশেষ ছাড় থাকায় পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারেন। ডেজার্ট সাফারি দুবাইয়ের অন্যতম জনপ্রিয় অভিজ্ঞতা। শীতকালে এর প্যাকেজ ১৫০ দিরহামের আশপাশে থাকলেও গরমকালে ৫০ দিরহামের কাছাকাছি পাওয়া যায়। তবে বুকিংয়ের আগে কী কী সুবিধা পাওয়া যাবে তা যাচাই করে নেওয়া ভালো।

জেট স্কি রাইড বুর্জ আল আরব বা আটলান্টিস দেখার জন্য পর্যটকদের প্রিয়। গ্রীষ্মকালে অপারেটররা কর্মদিবসে বিশেষ অফার এবং অগ্রিম বুকিংয়ে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়। তবে সরাসরি কাউন্টারে না গিয়ে অনলাইনে অফারগুলো দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ।

প্লুটো ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার ভরত আইদাসানি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়ার কারণে পর্যটকরা দুবাই সফরে আরও আগ্রহী হয়ে উঠবেন। দ্রুত ভিসা পাওয়ার নিশ্চয়তা পেলে পর্যটকরা সহজেই এটি গন্তব্য হিসেবে বেছে নিতে পারেন।

আরও পড়ুন