ভারত ‘এ’ দলের ব্যাটার বৈভব সূর্যবংশী লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম হাফ-সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন। রবিবার ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিনি মাত্র ১১ বলে ফিফটি করেন।
শ্রীলঙ্কা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলে ভারতের হয়ে ওপেন করতে নামেন সূর্যবংশী। মোহাম্মদ শিরাজের এক ওভারে তিনি ৩টি ছক্কা ও ২টি চারে ২৬ রান তোলেন। পরে লং-অনের ওপর দিয়ে পঞ্চম ছক্কা মেরে ১১ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন।
এর আগে ২০০৫-০৬ মৌসুমে শ্রীলঙ্কার কৌশল্য বীরারত্নে ১২ বলে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড ধরে রেখেছিলেন। এছাড়া সূর্যবংশী ভারতের ঘরোয়া ক্রিকেটে সরফরাজ খানের ১৫ বলে ফিফটির রেকর্ডও ভেঙে দেন।
হাফ-সেঞ্চুরির পরও সূর্যবংশীর তাণ্ডব অব্যাহত ছিল। তবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছোঁয়া হয়নি তার। শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক সহন আরাচ্চিগের বলে মিড-অফে ক্যাচ দেওয়ার আগে তিনি ২৯ বলে ৯৪ রানের ইনিংস খেলেন।
