নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর সেঁজুতি নামের আট বছরের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

সেঁজুতি সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার বাসিন্দা ও মাছ ব্যবসায়ী ফালু চন্দ্রের মেয়ে। সে স্থানীয় শিশুকানন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে বাড়ির পাশে উপজেলা পরিষদ মাঠে খেলতে গিয়ে সেঁজুতি আর ঘরে ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সেদিনই তার বাবা সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আজ সকালে উপজেলা পরিষদের পুকুরে শিশুর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন