ঢাকাসহ ৪ মহানগর ও ২ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সতর্কতার অংশ হিসেবে আগামী ৩০ জুন পর্যন্ত দেশের ছয়টি জেলা সেনা মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ করা যাচ্ছে। বিভিন্ন জেলায় আমরা দেখেছি, তারা মিছিল-মিটিং করার কার্যক্রম হাতে নিয়েছে। আমাদের মনে হয়েছে, তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করলেও করতে পারে। এই বিবেচনায় আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছি।’
‘এর বাইরে আজ থেকে আগামী ৩০ জুন পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ইন এইড টু সিভিল পাওয়ার আইন মোতাবেক ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগর এবং এর বাইরে দুটি জেলায় মোতায়েন করেছি, যাতে যেকোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায়,’ বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমাদের পুলিশ বাহিনী যে সমস্ত কৃতিত্বপূর্ণ কার্যকলাপ করেছে, অ্যাচিভমেন্ট আছে, সবগুলোর জন্য আমরা পুরস্কৃত করেছি। দুই একটা জায়গায় যেখানে একটু শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড করেছে, তাদেরকে আমরা পানিশ করেছি।’
‘আমরা সব সময় প্রয়োজনীয় ক্ষেত্রে ইন এইড টু সিভিল পাওয়ার মাঝে মাঝে বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) মাঝে মাঝে সেনা সদস্যদেরকে নিয়োগ করি, এটা রুটিন ওয়ার্ক,’ যোগ করেন তিনি।
গত ১৫ তারিখ সারা বাংলাদেশ থেকে সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা দীর্ঘ প্রায় দেড় বছর যাবৎ মাঠে ছিল, অন্তর্বর্তী সরকারের সময় ছিল। আমরা নির্বাচিত সরকার আসার পর, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে মাঠ থেকে প্রত্যাহার করেছি, প্রত্যাহার করা হয়েছে। এখন যেটা আমরা কয়েকটা জায়গায় মোতায়েন করতে যাচ্ছি, সেটার সাথে ওই পরিস্থিতির কোনো মিল নাই।’
কেবল ছয় জেলা কেন জানতে চাইলে তিনি বলেন, ‘কোন কোন জায়গায় তাদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে, আমাদের গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আমরা সেটা করছি।’ আর কিছু বিষয় আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এখানে এগুলো ফাঁস করতে চাই না।’
তিনি বলেন, ‘দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কোনো কোনো মহল অপতৎপরতায় লিপ্ত আছে। তো সে জন্য সতর্কতার অংশ হিসেবে আমরা (এই সিদ্ধান্ত) নিয়েছি।’
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের ছেলেকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘আইনের চোখে সবাই সমান। পুলিশের কাছে বিভিন্ন রকম অভিযোগ ছিল তার বিরুদ্ধে, সে জন্য জিজ্ঞাসাবাদ করতে পুলিশ তাকে নিয়ে এসেছে। জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রয়োজন মনে করেছে তার কাছ থেকে মুচলেকা নেওয়ায়। প্রয়োজনে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে।’
পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পূজা উদযাপন পরিষদের নেতারা আমার সাথে সাক্ষাতের জন্য অনেক দিন আগেই সময় চেয়েছিল, আমি এতদিন সময় দিতে পারিনি।’ তারা বিভিন্ন দাবি তুলে ধরেছেন জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘আমরা সহযোগিতা চেয়েছি যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বহাল থাকে। আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। সেভাবে যেন সবাই কাজ করি। তার মধ্যে প্রসঙ্গক্রমে একজন ভদ্র মহিলা, যিনি আলাদা প্রদেশ চেয়েছেন, সেই প্রসঙ্গটাও এসেছে। আমি বলেছি হয়তো তার স্লিপ অব টাং হতে পারে। তাকে যেন সে মেসেজটা দেওয়া হয়। অনেকে অনেক সময় বক্তৃতা দেওয়ার সময় অতি উৎসাহে অনেক কিছু বলেন।’
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য বলেছে আগের চেয়ে অপরাধ বেড়েছে—এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘সত্যিকারের তথ্য-প্রতিবেদন বিশ্লেষণ করে দেখুন, বিগত যেকোনো সময়ের তুলনায়, অন্যান্য বছর এবং মাসওয়ারি অপরাধ চিত্র আমাদের এ সময়ে অনেক কম।’ ‘বিরোধী দল ১১ দলের ব্যানারে সমাবেশ করছে, গণতন্ত্র বিকশিত হচ্ছে। তারা তাদের কথা বলবে, তাদের স্বাধীনতা আছে, আমরাও আমাদের কথা মাঠে বলবো,’ যোগ করেন তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন তো নাই!’
