বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে দেশটির সঙ্গে বাংলাদেশের আলোচনা আশাবাদী হওয়ার মতো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এটা নিয়ে আলোচনা হয়েছে এবং আশাবাদী হওয়ার মতো। এবং সেটা যাতে দ্রুত খুলে যায়, সে আলোচনা হয়েছে। সুতরাং আমরা আশা করতে পারি। তিনি আরও বলেন, অতীতে শ্রমবাজার বারবার খোলার পরও আমাদের দিক থেকে কিছু সমস্যার কারণে আবার বন্ধ হয়েছে। আমরা আশা করি এই সরকার সেই জিনিসগুলো কাটিয়ে উঠতে পদক্ষেপ নেবে।
সম্প্রতি এক কলেজ শিক্ষার্থীকে আটক করার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, বিভিন্ন সময় ছাত্রলীগের সাইবার টিম অন্যের আইডি ব্যবহার করে পোস্ট তৈরি ও সম্পাদনা করে ছড়িয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। তবে কোনো একটি ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান কোনো পোস্টকে ভুয়া বললেই সেটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায় না।
তিনি বলেন, যদি সত্যিই কোনো পোস্ট এডিট করা হয়ে থাকে, তাহলে রাষ্ট্র কখনোই কারও প্রতি অন্যায় করবে না। রাষ্ট্রের নিজস্ব মেকানিজম ও বিশেষজ্ঞ রয়েছে। যাচাই করে যদি দেখা যায় কোনো স্ক্রিনশট বা পোস্ট ভুয়া, তাহলে সেটির ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য উপদেষ্টা বলেন, সরকার চায় না কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার হোক। একইসঙ্গে নারীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও অপমানজনক প্রচারণার বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কন্যা হোন বা একজন সাধারণ নারী, রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান। নারীদের বিরুদ্ধে নোংরা ও বীভৎস ভাষা ব্যবহার এই সরকার সহ্য করবে না। এসব বিষয়ে সরকার নজরদারি করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব স্বীকার করলেও তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার নিজস্ব পদ্ধতি রয়েছে। কোনো প্রতিষ্ঠানের পর্যবেক্ষণের ভিত্তিতেই রাষ্ট্র সরাসরি সিদ্ধান্ত নেয় না।
