চীনের সিচুয়ান প্রদেশে এক মানবাকৃতির রোবট হাতজোড় করে ভিক্ষা করছে। রিচার্জ করার টাকা নেই, বিদ্যুৎ বিল দিতে হবে—এমন আর্জি জানিয়ে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে রোবটটি।
ভিডিওতে দেখা যাচ্ছে, রোবটটির সামনে একটি থালা রাখা আছে, যাতে কেউ খুচরা অর্থ দিতে পারে। এছাড়া একটি কিউআর কোডের কাগজ রেখে ডিজিটালি ভিক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। পাশে থাকা সাউন্ড বক্সে শোনা যাচ্ছে, রোবটটি বলছে, ‘রিচার্জ করার জন্য কোনো টাকা নেই। দয়া করে বিদ্যুৎ বিলের অর্থ দিয়ে সহায়তা করুন।’
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার জানিয়েছে, রোবটটি তৈরি করেছে চীনা রোবোটিক ফার্ম ইউনিট্রি। এটি ইউনিট্রি জি১ মডেলের। গত বছর এই একই মডেলের একটি রোবট ইকুয়েডরের শিমবোরাজো আগ্নেয়গিরিতে গিয়েছিল।
ভিডিওটি নিয়ে একাধিক চীনা নাগরিক জানিয়েছেন, দেশটির বিভিন্ন প্রদেশে রোবটটিকে ভিক্ষা করতে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, সহজে অর্থ আয়ের উদ্দেশ্যে কেউ কেউ রোবটটি ব্যবহার করছেন।
