ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকোনমিকসের (ডিএসসিই) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৫ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, আগে আবেদনের শেষ সময় ছিল ২৪ জুন। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগ্রহ ও অনুরোধ বিবেচনায় নিয়ে সময়সীমা বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্সেস (সম্মান) পর্যায়ে তিনটি বিষয়ে ভর্তির সুযোগ রয়েছে। বিষয়গুলো হলো পরিবেশ ও সম্পদ অর্থনীতি, উন্নয়ন অর্থনীতি এবং উদ্যোক্তা অর্থনীতি। চার বছর মেয়াদি (আট সেমিস্টার) এ প্রোগ্রামের ডিগ্রি প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়।
মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে মাধ্যমিক এবং ২০২৪ বা ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পাস হতে হবে। চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৬ থাকতে হবে।
ভর্তি পরীক্ষা আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে।
ডিএসসিইর পরিচালক ড. রেহানা পারভিন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান হিসেবে অর্থনীতিতে মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। যোগ্য কোনো শিক্ষার্থী যেন শুধু সময়ের অভাবে আবেদন থেকে বঞ্চিত না হন, সে কথা বিবেচনায় নিয়েই সময়সীমা বাড়ানো হয়েছে।’
শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন: du-dsce.applyingnext.com। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করে ঘরে বসেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
