ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৩

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৩

ঢাকার ধামরাইয়ের ধুলিভিটা এলাকায় সড়ক ও জনপথের (সওজ) উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় অভিযানে নিয়োজিত এক্সকাভেটরটি ভাঙচুর করা হয়। হামলায় এক্সকাভেটর চালকসহ উচ্ছেদ কার্যক্রমে অংশ নেওয়া ৩ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ অভিযান চালানো হয়। সড়ক ও জনপথ বিভাগের নয়ারহাট শাখার উপবিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক দ্য ডেইলি স্টারকে হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন এক্সকাভেটর চালক মো. মনির হোসেন (৪০), সড়ক ও জনপথ বিভাগের কার্যসহকারী আব্বাস উদ্দিন ও শ্রমিক মো. সোহাগ হোসেন (৩৫)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সওজের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। এসময় হামলার ঘটনা ঘটলে উচ্ছেদ অভিযান বন্ধ করে দিতে বাধ্য হয় সড়ক ও জনপথ বিভাগ।

প্রকৌশলী নূরে আলম সিদ্দিক বলেন, ‘উপজেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। উচ্ছেদ চলাকালে দখলদাররা আমাদের কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়, এক্সকাভেটর ভাঙচুর করে। হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে এক্সকাভেটর চালক মাথায় গুরুতর আঘাত পান। এছাড়া আমাদের আরও দুজন আহত হন।’

অভিযানের নেতৃত্ব দেওয়া ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সড়ক বিভাগের নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে ধামরাইয়ের ধুলিভিটা এলাকায় শান্তিপূর্ণভাবে প্রায় দেড় ঘণ্টা অভিযান পরিচালিত হয়। এ সময় হঠাৎ কিছু দুষ্কৃতিকারী হামলা চালায়। একপর্যায়ে আমরা উচ্ছেদ কার্যক্রম বন্ধ রেখে চলে আসি।’

কাউকে আটক করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘অতর্কিত হামলা হয়েছে। পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছেন। কাউকে আটক করতে পারেনি। আমাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে এবং এ ঘটনায় একটি মামলা করা হবে। সওজ মামলার বাদী হবে অথবা পুলিশ বাদী হবে।’

জানতে চাইলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান ডেইলি স্টারকে বলেন, ‘উচ্ছেদ অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। হামলার সময় কাউকে আটক করার পরিস্থিতি সেখানে ছিল না। এ ঘটনায় এখনো মামলা হয়নি।’

আরও পড়ুন