ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে একের পর এক রেকর্ড ভাঙলেও দীর্ঘদিন আর্জেন্টিনার জার্সিতে বড় কোনো আন্তর্জাতিক ট্রফি না পাওয়ার আক্ষেপ তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। নিন্দুকদের ধারণা ছিল, স্পেনের সাফল্য তিনি দেশের মাটিতে কখনোই পুনরাবৃত্তি করতে পারবেন না। কিন্তু মাঠের পারফরম্যান্স দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছেন মেসি।
১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেওয়া মেসির ফুটবলের হাতেখড়ি বাবা হোর্হের হাতে। ১৯৯৫ সালে তিনি যোগ দেন নিউয়েলস ওল্ড বয়েজে। ১১ বছর বয়সে গ্রোথ হরমোনজনিত সমস্যায় তার ক্যারিয়ার অনিশ্চিত হয়ে পড়ে। চিকিৎসার খরচ চালানো মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব ছিল না। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ত্রাতা হয়ে আসে। ন্যাপকিন পেপারে করা চুক্তির পর লা মাসিয়া একাডেমি থেকে শুরু হয় বিশ্ব ফুটবলের এক মহানায়কের পথচলা। বার্সার হয়ে ৩৫টি শিরোপা জেতেন মেসি।
কিশোর বয়সে স্পেনের বয়সভিত্তিক জাতীয় দলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়ে আর্জেন্টিনার জার্সিতেই বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৫ সালে অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপে গোল্ডেন বল ও বুট জিতে দলকে চ্যাম্পিয়ন করেন। ২০০৮ বেইজিং অলিম্পিকে জেতেন স্বর্ণপদক। কিন্তু সিনিয়র পর্যায়ে অপেক্ষাটা ছিল বেদনার। ২০০৭ কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলের কাছে হার, ২০১১ সালে ঘরের মাঠে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়। ২০১৫ ও ২০১৬ সালে টানা দুই কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে সাময়িক অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি।
বিশ্বকাপের মঞ্চে মেসির মহাকাব্য শুরু ২০০৬ সালে জার্মানিতে। ১৮ বছর বয়সে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে বদলি নেমে গোল ও অ্যাসিস্ট করেন। তবে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হারে আর্জেন্টিনা। ২০১০ বিশ্বকাপে ম্যারাডোনার অধীনে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হার। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে ওঠেন, কিন্তু মারিও গোটজের গোলে ট্রফি হাতছাড়া হয়। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোতে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হার।
অবশেষে ২০২২ কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর দলকে টেনে তোলেন মেসি। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে ৩৬ বছরের বিশ্বজয়ের খরা ঘোচে। ৭ গোল ও চোখধাঁধানো পারফরম্যান্সে বিশ্বকাপ উঁচিয়ে ধরেন মেসি, দ্বিতীয়বারের মতো জিতেন গোল্ডেন বল। এর আগে ২০২১ কোপা আমেরিকা জিতে ২৮ বছরের শিরোপা খরা ঘোচান। ২০২২ ফিনালিসিমা ও ২০২৪ কোপা আমেরিকা জয়। সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে মেসি এখন ধরাছোঁয়ার বাইরে।
আজ ২৪ জুন, মেসির ৩৯তম জন্মদিন। ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে তার অর্জনের খাতা কানায় কানায় পূর্ণ। কোটি কোটি ভক্তের প্রত্যাশা, বিদায়টাও হোক বীরের বেশে।
