মতিঝিলে জমি দখলমুক্ত করতে রাজউকের অভিযান

মতিঝিলে জমি দখলমুক্ত করতে রাজউকের অভিযান

মতিঝিল এলাকায় অবস্থিত মধুমিতা সিনেমা হলের পেছনে প্রায় এক একর জমি দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এই উচ্ছেদ অভিযান চলে।

রাজউকের পক্ষ থেকে জানানো হয়, জমিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা। দীর্ঘদিন ধরে একটি পরিবহন কোম্পানি অবৈধভাবে জমিটি দখল করে ব্যবহার করছিল এবং দখল বজায় রাখতে আদালতে মামলা দায়ের করেছিল। পরবর্তীতে আদালতের রায় রাজউকের অনুকূলে এলে সেই রায়ের আলোকে আজ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানের মাধ্যমে জমিটি দখলমুক্ত করে পুনরুদ্ধার করা হচ্ছে। এই স্থানে ‘মতিঝিল পার্ক’ নামে একটি নান্দনিক উন্মুক্ত স্থান উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা রাজধানীর পরিবেশগত ভারসাম্য রক্ষা ও নাগরিকদের বিনোদন সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাজউক কর্তারা জানিয়েছেন, এ ধরনের অবৈধ দখল উচ্ছেদে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন