প্রায় তিন বছর পর ব্রাজিলের হলুদ জার্সি গায়ে আবার মাঠে নামলেন নেইমার। ম্যাচ শেষে ড্রেসিংরুমে একা একা কেঁদেছেন তিনি বলে জানিয়েছেন নিজেই।
৩৪ বছর বয়সী নেইমার ব্রাজিলের হয়ে সবশেষ আন্তর্জাতিক ফুটবল খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। এরপর হাঁটুর চোট, পড়তি ফর্ম ও আবারও চোটে ভুগেছেন তিনি। এ কারণে এবারের বিশ্বকাপে তার দলে থাকা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে ব্রাজিল দল ঘোষণার দিন নেইমারের নাম উচ্চারিত হলে ভক্তদের মধ্যে যে উচ্ছ্বাস দেখা যায়, তা প্রমাণ করে তাকে এখনও কতটা ভালোবাসে ব্রাজিলিয়ানরা।
প্রথম দুই ম্যাচে মাঠে নামা হয়নি তার। অবশেষে স্কটল্যান্ডের বিপক্ষে ৭৫ মিনিটে কুনিয়াকে তুলে নেইমারকে নামান কোচ আনচেলত্তি। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘লকার রুমে একা একা কিছুক্ষণ কেঁদেছি আমি। নিজেকে ভীষণ ভারমুক্ত মনে হচ্ছে। ব্রাজিলের হয়ে আবার মাঠে নামতে পেরে আমি কৃতজ্ঞ। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আবার আমি এই সুযোগ পেয়েছি’।
২০১৪ সালে প্রথম বিশ্বকাপে মাতিয়ে দেয়া নেইমারের এটি চতুর্থ বিশ্বকাপ। তিনি বলেন, ‘আমি অনেক দিন পর দলে ফিরলাম। দলটা অনেক বদলে গেছে। নতুনভাবে দেখছি দলটাকে। এত বছর পর আবার ব্রাজিলকে প্রতিনিধিত্ব করতে পেরে ও আরেকটি বিশ্বকাপে খেলতে পেরে আমি খুব খুশি’।
৭৯ গোল নিয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। বিশ্বকাপে এখন পর্যন্ত তার ৮ গোল ও ৪ অ্যাসিস্ট রয়েছে।
