গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় অন্তত ৩ ফিলিস্তিনি নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।
শুক্রবার (২৬ জুন) গাজার দেইর আল-বালাহ শরণার্থী শিবিরের প্রবেশপথে এ হামলা চালায় ইসরায়েল।
ফিলিস্তিনের স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানায়, নিহত তিনজনই পুলিশ সদস্য ছিলেন। হামলার তীব্র নিন্দা জানিয়ে তারা এটিকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েল একাধিকবার গাজায় হামলা চালিয়েছে বলে অভিযোগ ফিলিস্তিনি কর্তৃপক্ষের।
এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকেও বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টি উল্লেখ ছিল বলে দাবি করা হয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, গাজা ও লেবাননে চলমান ইসরায়েলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও জটিল করে তুলছে।
