সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অভিযোগ দায়ের করা হয়েছে।

আজ রোববার রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, তৎকালীন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জুলাই অভ্যুত্থানের সময় শিক্ষার্থী ও আন্দোলনকারীদের বিরুদ্ধে সংঘটিত হত্যা, গুম, নির্যাতনসহ অন্যান্য অপরাধে ভূমিকা রেখেছিলেন।

এছাড়া ২০২৪ সালের জাতীয় নির্বাচন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সঙ্গে সাবেক রাষ্ট্রপতির কোনো আইনি দায় রয়েছে কি না, তা তদন্তের জন্য আহ্বান জানানো হয়। অভিযোগে চিফ প্রসিকিউটর কার্যালয়কে সংশ্লিষ্ট প্রমাণ সংগ্রহ, তদন্ত পরিচালনা ও প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

একই দিনে জুলাই গণঅভ্যুত্থানে সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তের দাবিতে আইসিটিতে আরেকটি অভিযোগ দেয় বাংলাদেশ আজাদ পার্টি (বিএপি)। দলটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান সাংবাদিকদের বলেন, জুলাই অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত ও কয়েক হাজার মানুষ আহত হন। তৎকালীন রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেননি; তিনি নীরব ছিলেন।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, দুটি অভিযোগ জমা পড়েছে—একটি বাংলাদেশ আজাদ পার্টির, অন্যটি রাষ্ট্রসংলাপ ফোরামের। তবে তিনি এখনো অভিযোগ দুটি পর্যালোচনা করেননি।

আরও পড়ুন