দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ, যোগ দিচ্ছেন যে দলে

দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ, যোগ দিচ্ছেন যে দলে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম তাদের পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন।

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন, অন্যদিকে আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার ভূমিকা পালন করছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এতদিন উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টাসহ মোট ২৩ জন সদস্য ছিলেন, যাদের মধ্যে এই দুজন ছাত্র প্রতিনিধি এখন পদত্যাগ করেছেন।

সরকারের দায়িত্বশীল সূত্র অনুযায়ী, গতকাল (মঙ্গলবার) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত প্রতি মঙ্গলবার মধ্যাহ্নভোজের পাশাপাশি উপদেষ্টারা এই ধরনের বৈঠকে মিলিত হন। গতকালের বৈঠকে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে, এবং সন্ধ্যায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে আসিফ মাহমুদ বুধবার পদত্যাগ করছেন।

অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তারা আরও সময় চেয়েছিলেন। এর মধ্যে মাহফুজ আলম সরকারের শেষ সময় পর্যন্ত থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলেও জানিয়েছিলেন।

পরে গত মাসের মাঝামাঝি দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে আবারও তাদের তাগাদা দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গিয়েছিল। সরকার-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়সহ উপদেষ্টা পরিষদের অনেকে এই ব্যাপারে মোটামুটি একমত যে তপশিল ঘোষণার পর দুই ছাত্র প্রতিনিধির উপদেষ্টার সরকারে থাকা উচিত হবে না। তারা নির্বাচনে অংশগ্রহণ করুন বা না করুন, তাদের পদত্যাগ করতে হবে।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন সরকারে জায়গা পান। এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পান, আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান, আর মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান।

আরও পড়ুন