৭০০ টাকার হাঁসে, ৩০০ টাকা চাঁদা দাবি করলো ছাত্রদল নেতা

৭০০ টাকার হাঁসে, ৩০০ টাকা চাঁদা দাবি করলো ছাত্রদল নেতা

চাঁদা না দেওয়ায় রংমিস্ত্রিকে পেটানোর অভিযোগ উঠেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেনের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, শিদলাই বাজার থেকে রুবেল নামে এক ব্যক্তি ৭০০ টাকায় একটি হাঁস ক্রয় করলে, হাঁসের খাজনার জন্য ৩০০ টাকা চাঁদা দাবি করেন সাব্বির হোসেন। চাঁদা না দেওয়ায় রুবেলকে মারধর করে সাব্বির ও তার গুন্ডাবাহিনী। এ সময় রুবেলকে বাঁচাতে এগিয়ে আসলে কামরুল হাসান নামে আরেক রংমিস্ত্রিকেও পিটিয়ে আহত করে সাব্বির ও শাহাদাত হোসেন। এ ঘটনায় রংমিস্ত্রি কামরুল হাসানের সঙ্গে থাকা ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা।

৮ ডিসেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানায় অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী কামরুল হাসান এবং রুবেল। চাঁদা না দেওয়ায় মারধরের সঙ্গে জড়িত থাকার ঘটনায় শিদলাই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেনসহ আরও আট জনের নামে অভিযোগ দাখিল করেন রংমিস্ত্রি কামরুল হাসান।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সূত্র জানান, ছাত্রদল নেতা সাব্বির আলম সপ্তাহে দুই দিন শিদলাই বাজার থেকে চাঁদা আদায় করে এবং গ্রামের মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ।

হামলার শিকার রংমিস্ত্রি কামরুল হাসান আমার দেশকে বলেন, তিনি রংয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন এবং সাব্বির ও তার লোকেরা শিদলাই বাজারে খাজনার নামে প্রতিনিয়ত চাঁদা উত্তোলন করে। তিনি উল্লেখ করেন, সোমবার বিকেলে একজন ব্যক্তি চাঁদা না দেওয়ায় তার ওপর হামলা করে সাব্বির ও তার লোকেরা, এবং এ সময় তারা তার কাছ থেকে ৬০ হাজার টাকা ও পাসপোর্টটি নিয়ে যায়। তিনি থানায় অভিযোগ করেছেন বলে জানান।

হামলার শিকার হওয়া আরেক ব্যক্তি মোহাম্মদ রুবেল বলেন, তিনি হাঁস কিনেছিলেন এবং হাঁস কেনায় ৩০০ টাকা চাঁদা দাবি করে সাব্বির। চাঁদা না দেওয়ায় তাকে বাজারে প্রচণ্ড মারধর করা হয়, এবং তাকে বাঁচানোর জন্য কামরুল হাসান এগিয়ে আসলে তাকেও মারধর করে সাব্বির ও শাহাদাত। তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

এ বিষয়ে জানতে চাইলে সাব্বির হোসেন বলেন, সাংবাদিকরা তাদের এলাকায় এসে খোঁজখবর নিতে পারেন এবং দাবি করেন যে তার রক্তটাও বিএনপি। তিনি অভিযোগ করেন যে একটি মহল তার বিরুদ্ধে চক্রান্ত করছে এবং তারা একই দলের লোক, যারা ইচ্ছা করে তার ক্ষতি করছে।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, এই সংক্রান্ত দুটি অভিযোগ তারা পেয়েছেন এবং আগামীকাল সরেজমিনে গিয়ে তদন্ত করা হবে। তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন