চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় দুই ভাই নিহত, মহাসড়কে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় দুই ভাই নিহত, মহাসড়কে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার বিকালে জেলা শহরের সার্কিট হাউস মোড় এলাকায় সোনামসজিদ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জোড়বাগান মহল্লার সোহাগ আহমেদ (১৮) ও আজাইপুর পোলাডাঙ্গা মহল্লার রিফাত আলী (১৮)। তারা মামাতো-ফুফাতো ভাই হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে সার্কিট হাউস এলাকায় ট্রাফিক পুলিশ যানবাহনের কাগজপত্র যাচাই করছিল। এ সময় মোটরসাইকেলে থাকা সোহাগ ও রিফাতকে থামার সংকেত দেওয়া হলে তারা তা অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উঠে গেলে সোনামসজিদ থেকে আসা একটি চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলে রিফাত নিহত হন এবং সোহাগকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পরিবার ও স্থানীয় এলাকাবাসীর দাবি, পুলিশের ধাক্কায় মহাসড়কে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনা ঘটে। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, ট্রাফিক পুলিশ ও থানা পুলিশ তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল, তাদের ধাক্কা দেওয়া হয়নি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, পুলিশের ভয়ে দ্রুত পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তারা।

এ ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। তারা ট্রাফিক পুলিশ বক্স ও ফাঁড়ি ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে, যাতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গেলে উত্তেজিত জনতা ধাওয়া দেয়। পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে আটটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লাশ উদ্ধারের পর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন